দিকপাল

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ০৪:৪৪ পি এম | প্রিন্ট সংস্করণ

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে তাৎক্ষণিক ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয় এবং পাশের কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নের ব্যবস্থা করা হয়।

আজ সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ৩০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৯২ জন। এর মধ্যে ৩০১ নং কক্ষে ব্যবসায় শিক্ষা শাখার ৯ জন পরীক্ষার্থী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন। বিষয়টির দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ২৯ জুলাই।

এ বিষয়ে পরীক্ষা কমিটির হল সুপারের দায়িত্বে থাকা সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক আবুল কাশেম বলেন, 'প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্র লেখা ছিল। সেই অনুযায়ী খাম নিয়ে আসা হয়। কিন্তু পরীক্ষার হলে খাম খোলার পর দেখা যায় ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র।'

তিনি জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরে পাশের কেন্দ্র (সেতাবগঞ্জ সরকারি কলেজ) থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়। এতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়েছে এবং শিক্ষার্থীদের ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন—কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রশ্নপত্র সাজানোর সময় হয়তো কোনো ভুল হয়েছে।' তিনি জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকেও অবহিত করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন বলেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়েছে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র শিক্ষার্থীরা দেখে ফেলায় ২৯ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিকল্প সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল