আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাতের ঘটনার জের ধরে পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত আশপাশের গ্রামগুলোতে হামলা-পাল্টা হামলা ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।সংঘর্ষে গুলিবিদ্ধ দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।