কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ট্রাক পার্কিং স্থলের একটি গণটয়লেটের কমোড থেকে সদ্যজাত এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করা হয়েছে. এই অমানবিক ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে.ঘটনাটি ঘটে গত সোমবার (৯ নভেম্বর) রাতে। স্থানীয়রা জানান, রাতে বটতলী স্টেশনের একটি ফার্মেসিতে ওষুধ বা পরামর্শের জন্য আসা এক কিশোরী হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় পাশের ট্রাক পার্কিংস্থলের গণটয়লেটে যান। পরবর্তীতে অন্য এক ব্যক্তি টয়লেটে গিয়ে কমোডের ভেতর নবজাতকের কান্নার শব্দ পেয়ে স্থানীয়দের জানালে তারা শিশুটিকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, টয়লেটের ভেতরেই সন্তান প্রসব করে নবজাতকটিকে কমোডে ফেলে পালিয়ে যান ওই কিশোরী।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে পার্কিংয়ের কর্মীরা অত্যন্ত কষ্টে কমোড থেকে রক্তাক্ত ও জীবিত নবজাতক পুত্রসন্তানটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।খোঁজ নিয়ে জানা গেছে, অপরিণত অবস্থায় সন্তান জন্ম দেওয়া ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (বয়স ১৬ বছর)। বর্তমানে মা ও নবজাতক উভয়ই স্থানীয় পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ওই কিশোরী ও যে বিবাহিত পুরুষের সাথে তার অনৈতিক সম্পর্কের জেরে এই সন্তান ভূমিষ্ট হয়েছে, উভয়ের পরিচয়ই পুলিশ নিশ্চিত করেছে। মা ও নবজাতক সুস্থ হয়ে উঠলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।