দিকপাল

হামের টিকা অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।এই কমিশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন—বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। কমিটিকে অন্তর্বর্তী সরকারের আমলের (২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি) হামের টিকা ক্রয় ও বিতরণে অনিয়মের কারণ ও সংশ্লিষ্টদের দায়দায়িত্ব নির্ধারণ এবং আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা পাবে। স্বাস্থ্যসেবা বিভাগ এই কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। এছাড়া তদন্ত শেষে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশও দেবে এই কমিশন।

হামের টিকা অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন