দিকপাল

দেশে এক বছরে নতুন ২,৩০৫ এইচআইভি রোগী শনাক্ত, মৃত্যু ২৮৫

দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের মধ্যে ৬০ শতাংশই পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম) এবং পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ); পাশাপাশি আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।রোববার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব এইডস দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।ব্রিফিংয়ে জানানো হয়, একই সময়ে দেশে এইচআইভি-সম্পর্কিত মৃত্যুও ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে; ২০২৫ সালে ২৫৪ জনের মৃত্যু হলেও ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং শেষে নতুন ২ হাজার ৩০৫ জন রোগী শনাক্ত হন। দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছেন, যার মধ্যে এ পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন এবং এখনও প্রায় ৩ হাজার ২০০ জন শনাক্তের বাইরে রয়ে গেছেন।পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে নতুন শনাক্তদের ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত ও সমপরিমাণ ৪৮ শতাংশ অবিবাহিত; এদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। জনগোষ্ঠীভিত্তিক হিসাবে এককভাবে এমএসএম ৫০ শতাংশ, এমএসডব্লিউ ১০ শতাংশ, বিদেশফেরত ও তাদের পরিবারের সদস্য ১১ শতাংশ, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ৫ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারী ৪ শতাংশ, নারী যৌনকর্মী ১ শতাংশ, হিজড়া জনগোষ্ঠী ১ শতাংশ এবং বাকি ১৮ শতাংশ অন্যান্য জনগোষ্ঠীর।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন শনাক্তদের ৮৭ দশমিক ৮ শতাংশকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন সরকারিভাবে বিনামূল্যে নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ পাচ্ছেন। এ ছাড়া দেশের ৬৪ জেলাতেই এইচআইভি পরীক্ষাসেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প (ডিপিপি) একনেকের নীতিগত অনুমোদন পেয়েছে। আগামী ১ ডিসেম্বর ‘সেবা বাড়াই, এইডস কমাই’ প্রতিপাদ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হবে।নিউজ সোর্স: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচি (স্বাস্থ্য অধিদপ্তর)

দেশে এক বছরে নতুন ২,৩০৫ এইচআইভি রোগী শনাক্ত, মৃত্যু ২৮৫