দিকপাল

কাপ্তাইয়ে স্থায়ী দুর্যোগ আশ্রয়কেন্দ্র স্থাপনের দাবি

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় কাপ্তাইয়ে স্থায়ী দুর্যোগ আশ্রয়কেন্দ্র স্থাপনের জোর দাবি তোলেন বক্তারা।রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) তাসনূভা নাশতারান।কর্মশালায় পার্বত্য অঞ্চলের পাহাড়ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যহাতির আতঙ্কসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি এবং তা মোকাবিলার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, দুর্যোগ ও পাহাড়ধসের সময় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। কিন্তু কাপ্তাই উপজেলায় স্থায়ী কোনো দুর্যোগ আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হয়; তাই দ্রুত স্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাঁরা।উপস্থিত অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ শুনে প্রধান অতিথি তাসনূভা নাশতারান বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রথমেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।কর্মশালায় আরও বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এবং কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।নিউজ সোর্স: কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

কাপ্তাইয়ে স্থায়ী দুর্যোগ আশ্রয়কেন্দ্র স্থাপনের দাবি