দিকপাল

আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ নাশকতার ঘটনা ঘটে; আগুনে আলিফ পরিবহনের বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাস দুটি পার্কিং করা ছিল। হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে; জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন