আজ ১৬ই নভেম্বর। প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবি আদায়ের ঐতিহাসিক আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা, সহকারী শিক্ষক শহিদ ফাতেমা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী। বিগত ২০২৫ সালের ৮ই নভেম্বর ঢাকার শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের তীব্র শব্দে ও আতঙ্কে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ আট-নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর তিনি চিরবিদায় নেন। একটি বছর পার হয়ে গেলেও সহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন উৎসর্গ করা এই শিক্ষকের প্রয়াণের বেদনা শিক্ষক সমাজের হৃদয় থেকে মুছে যায়নি। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহিদ ফাতেমা আক্তারকে স্মরণ করছি।চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সন্তান এবং ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত মেধাবী ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। ঠাকুরচর গ্রামের স্বামী ডি. এম. সোলেমান এবং দুই সন্তানসহ পরিজন নিয়ে তাঁর গোছানো সংসার ছিল। কিন্তু অধিকার আদায়ের সেই মিছিলে গিয়ে হঠাৎ নেমে আসা সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ তাঁর জীবনের সব আলো নিভিয়ে দেয়। ঘটনার দিন ঘটনাস্থলেই প্রচণ্ড আতঙ্কে ও শ্বাসকষ্টে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। দীর্ঘ চিকিৎসালড়াই শেষে তাঁর এই অকালমৃত্যু কেবল একটি পরিবারের সুখ-শান্তিই কেড়ে নেয়নি, বরং পুরো প্রাথমিক শিক্ষা অঙ্গনকে স্তম্ভিত করে দিয়েছিল।আজ একটি বছর পেরিয়ে যাওয়ার পর প্রশ্ন জাগে, আমরা কি আদৌ তাঁর শোকাহত পরিবারের পাশে যথাযথভাবে দাঁড়াতে পেরেছি? যে স্বামী আকস্মিক স্বজন হারানোর বেদনা নিয়ে একা হয়ে পড়েছেন এবং যে সন্তানরা মাতৃস্নেহ থেকে চিরতরে বঞ্চিত হয়েছে, তারা কীভাবে দিন কাটাচ্ছে তার খোঁজখবর রাখা কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? এছাড়া আমার জানা মতে, শিক্ষক ফাতেমা আক্তার তাঁর চাকুরির ২৫ বছর পূর্ণ করতে পারেননি। রাষ্ট্রের একটি মৌলিক ও নীতিগত অধিকার আদায়ের মিছিলে অংশ নিয়ে যিনি প্রাণ বিসর্জন দিলেন, সেই শহীদের পরিবারকে কি রাষ্ট্র বিশেষ বিবেচনায় পূর্ণ পেনশনের বা আর্থিক নিরাপত্তার আওতায় আনতে পারত না? একজন সরকারি প্রাথমিক শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকদের নৈতিক ও প্রশাসনিক দায়।আজকের এই স্মরণ দিনে বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে শহিদ ফাতেমা আক্তারের পরিবারের খোঁজখবর রাখি এবং তাদের পাশে দাঁড়াই। প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী এই বীর শিক্ষিকাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার পাশাপাশি তাঁর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা হোক—এটাই আজকের দিনে আমাদের সকলের সম্মিলিত দাবি ও প্রত্যাশা।