দিকপাল

সৌরবিদ্যুতের কল্যাণে ডাক বিভাগের সাশ্রয় ১৩ লাখ টাকা

সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় এবং নেট মিটারিং ব্যবস্থার সুফল পাওয়ায় সরকারি অর্থের এই সাশ্রয় সম্ভব হয়েছে। ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই আর্থিক সাশ্রয় অর্জিত হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর মোট বিদ্যুৎ বিল আসার কথা ছিল প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। তবে নেট মিটারিংয়ের মাধ্যমে বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়, যা সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ কম। সরকার যখন সব সরকারি দপ্তরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই উদ্যোগ সরকারি স্থাপনায় টেকসই জ্বালানি ব্যবহারের একটি বাস্তব দৃষ্টান্ত হয়ে উঠেছে।অধিদপ্তর জানায়, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে এবং বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট (প্রায় ৫৭ শতাংশ) নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসিতে এই ব্যবস্থা চালু রয়েছে। ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের’ আওতাতেই এই আধুনিক সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়।পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। গ্রিড বিদ্যুতের তুলনায় ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে সাহায্য করেছে। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টির দিন বা কুয়াশায় উৎপাদন কিছুটা কমে যাওয়ায় কেন্দ্রগুলোকে মাঝে মাঝে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, এই সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

সৌরবিদ্যুতের কল্যাণে ডাক বিভাগের সাশ্রয় ১৩ লাখ টাকা