দিকপাল

বিয়ের দাবিতে জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বিচারক পলাতক

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। প্রেমিকার অবস্থানের খবর পেয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন ওই বিচারক। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বগুড়া জজ আদালতের সহকারী জজ ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর এই অনশন কর্মসূচি চলছিল। অনশনরত শিক্ষিকা রংপুর হারাগাছ উচ্চবিদ্যালয়ে কর্মরত এবং একই ইউনিয়নের পোস্ট অফিস এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে।অনশনরত শিক্ষিকার অভিযোগ, সহকারী জজ পদে যোগ দেওয়ার পরও দীর্ঘদিন ধরে বিয়ে করার কথা বলে সময়ক্ষেপণ করছিলেন ইউনুস আলী। সম্প্রতি গোপন সূত্রের মাধ্যমে বিচারক অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন জানান, ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

বিয়ের দাবিতে জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বিচারক পলাতক