পুলিশের প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালায় তাঁতীবাজার থেকে, গ্রেপ্তার ২ পুলিশ কর্মকর্তা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) গাজীপুরের বাইমাইল থেকে নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছেন বলে নিশ্চিত করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শনিবার (৩ অক্টোবর) দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। [TECHTARANGA-POST:2853]গ্রেপ্তারকৃতরা হলেন—এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া অন্য তিন পুলিশ সদস্যকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে নিয়ে ঢাকার আদালতে তোলা হয়। আদালত থেকে ফেরার পথে রাতে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে যান পিচ্চি রাজা। প্রাথমিক তথ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, গাড়িটি রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের বাইমাইালে পৌঁছালে রাজাকে শৌচকর্ম করাতে নামানো হলে তিনি দৌড়ে পালিয়ে যান। তবে ঘটনার সাত দিন পার হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। [TECHTARANGA-POST:2852]ঘটনার তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটির জিজ্ঞাসাবাদে বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্যের বক্তব্যে চরম অসংগতি ও ধোঁয়াশা তৈরি হয়। পরে তদন্তে উঠে আসে, বাইমাইল থেকে পালানোর তথ্যটি সঠিক ছিল না, মূলত ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়ে যান তিনি।পর্যবেক্ষণ কমিটির প্রধান গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম জানান, বরখাস্ত পুলিশ সদস্যরা একেক সময় একেক তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তবে তদন্তে তাঁতীবাজার থেকে আসামি পালানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। [TECHTARANGA-POST:2845]উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।