দিকপাল

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমানা ও জমি নিয়ে আবুল কাশেমের পরিবার এবং আব্দুল খালেক বুলুর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে সীমানা পিলার ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে আরমান হোসেন রিমন ও তার ভাই ফুয়াদ ইসলামসহ অন্য অভিযুক্তরা বুলুর বসতঘরের সামনে এসে অতর্কিত হামলা চালান। এ সময় মুঠোফোন ব্যবহাররত শহিদুল ইসলাম মনাকে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় এবং তাকে বাঁচাতে গেলে তার বোনজামাই মামুনকেও ছুরিকাঘাত করা হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং পরবর্তীতে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—হাসিনা আক্তার (৫২), তাঁর মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)।সূত্র: নোয়াখালী প্রতিনিধি ও পুলিশ প্রশাসন

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩