দিকপাল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত ও একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়, যেখানে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তাঁকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার বিকেল ৪টা পর্যন্ত। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।বিএনপির মির্জা ফয়সল আমিন ছাড়া অন্য প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।রিটার্নিং কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক পাওয়ার পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটারসংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন