কুমিল্লায় বাজারে ভয়াবহ আগুন, ১২ দোকান ভষ্ম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ওই বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ, মুদি দোকান ও স্টুডিওসহ ১০ থেকে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা প্রস্তুত করে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং বর্তমানে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে।সূত্র: ব্রাহ্মণপাড়া থানা ও উপজেলা প্রশাসন