আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের লোকালয়ে আগমন, স্বাস্থ্যঝুঁকি ও শঙ্কা
ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর জঙ্গল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ২০ জন আদিবাসী লোকালয়ে বেরিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাদের এই আকস্মিক যোগাযোগ আমাজনের আদিবাসীদের বসবাসের এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বন ধ্বংসের ঝুঁকি নতুন করে সামনে এনেছে।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তারা মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানানো হয়, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল এই ঘটনাকে একটি ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছে। ওই অঞ্চলটি মূলত গুয়াজাজারা জনগোষ্ঠীর আবাসস্থল। স্থানীয় নেতারা জানান, গ্রামবাসীরা আগত আদিবাসীদের খাবার দিতে চাইলে তারা কাসাভা বা কন্দজাতীয় খাবারের পরিবর্তে বিশেষভাবে ইয়াম বা মিষ্টি আলু চায় এবং পরে সেগুলো নিজেদের বনে নিয়ে যায়। সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার ও বন থেকে খাবার সংগ্রহ করে জীবনযাপন করলেও তাদের এলাকায় অবৈধ গাছ কাটা ও শিকারিদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় তাদের চিরাচরিত জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।গুয়াজাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণ করা ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাদের গলায় মালা ও পুরুষদের হাতে ধনুক ও লম্বা তির ছিল। মারানহাও অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, দলটির শিশু ও বয়স্কদের অনেকের শারীরিক অবস্থাই অত্যন্ত শীর্ণকায় এবং বাইরের মানুষের সংস্পর্শে এসে তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তাদের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বন ধ্বংস ও অবৈধ অনুপ্রবেশের কারণে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর আবাসস্থল ছেড়ে বেরিয়ে আসার এই ঘটনাকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, বিশ্বের ১০টি দেশে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি আমাজন অঞ্চলে বাস করে এবং এর অধিকাংশই ব্রাজিলে অবস্থিত।সূত্র: এএফপি ও সারভাইভাল ইন্টারন্যাশনাল