দিকপাল

মৌলভীবাজার হাসপাতালে অভিযান, পান-সুপারি, চুন ও জর্দা জব্দ

সরকারি হাসপাতালের দেয়ালে দেয়ালে পানের পিকের দাগ। অসচেতন মানুষের অভ্যাসের আড়ালে যেন হারিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা । হাসপাতালেই যদি তৈরি হয় অপরিচ্ছন্ন পরিবেশ, তাহলে চিকিৎসাসেবার মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার বিষয়ে নিয়মিত মাইকিং করে সচেতন করা হচ্ছিল। কিন্তু এরপরও রোগী ও তাঁদের স্বজনদের অনেকে এ অভ্যাস থেকে বিরত হননি। বরং পান খেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক ও চুনের দাগ ফেলে পরিবেশ নষ্ট করছিলেন। এর পরিপ্রেক্ষিতেই অভিযান পরিচালনা করে এসব সামগ্রী জব্দ করা হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ জানান, হাসপাতালের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছে। এর আগে রোগী ও স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বোঝানো হয়েছে। কিন্তু তাঁরা সচেতন না হওয়ায় অভিযান চালাতে হয়েছে।হাসপাতাল কেবল চিকিৎসা গ্রহণের স্থান নয়, এটি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অথচ যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ সুস্থতার প্রত্যাশায় আসেন, সেখানে যত্রতত্র পানের পিক ও চুনের দাগ ফেলা নিঃসন্দেহে দায়িত্বহীনতার পরিচয়।হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। তবে এক দিনের অভিযানেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত তদারকি, কার্যকর নজরদারি এবং রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতা তৈরি।চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। কারণ, যে প্রতিষ্ঠানে মানুষ সুস্থ হতে আসে, সেই প্রতিষ্ঠানের দেয়াল যেন অসচেতনতার পানের পিকে মলিন না হয়।

মৌলভীবাজার হাসপাতালে অভিযান, পান-সুপারি, চুন ও জর্দা জব্দ