মগবাজারে চারটি তাজা ককটেলসহ দুই যুবক গ্রেফতার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
রাজধানীর মগবাজার এলাকা থেকে চারটি অবিস্ফোরিত তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা-পুলিশ। গত সপ্তাহে রমনা এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন অমি (১৯)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি ককটেল জব্দ করা হয় এবং জননিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।রমনা মডেল থানা পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাতে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত করতে গিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।