মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, কঠোর সতর্কবার্তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হতে যাচ্ছে। ৩১ অক্টোবরের পূর্বে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং তা দিয়ে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান করা হবে না।আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নতুন নির্দেশনার কথা জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা দ্রুতই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে; কর্মীদের সরকারি নির্দেশনার বাইরে কোনো সেন্টার বা এজেন্সির কথায় টাকা বা পাসপোর্ট না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসাথে ভিডিআর (VDR) ভিসার কাগজপত্রসহ বিএমইটি (BMET) ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কার্যক্রম স্থগিত ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির তথ্য প্রমাণের মাধ্যমে ইমেইলে (secretary@probashi.gov.bd) জানানোর আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। এর মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের বিষয়ে সম্মতি জানানো হয় এবং বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় সব ধরনের একচেটিয়া সিন্ডিকেট প্রথা বন্ধ করে স্বচ্ছতা বজায় রাখা হবে, যাতে রিক্রুটিং এজেন্সিগুলো নিজস্ব জব অর্ডারের মাধ্যমে বোয়েসেল ও নির্ধারিত ২৫টি সংস্থার প্রশাসনিক সহায়তায় বিএমইটি ক্লিয়ারেন্স পেয়ে সুশৃঙ্খলভাবে কর্মী পাঠাতে পারে।সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়