প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
দেশের সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দিকপাল২৪ ডেক্স ||
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগের বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারের কার্যক্রমগুলো আরও কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত সম্প্রতি জারি করা এক নির্দেশনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সতর্কবার্তা জানানো হয়।নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ না রাখতে বলা হয়েছে। বিশেষ করে মূল কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা)-তে কোনো অবস্থাতেই বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া যাবে না। অন্যান্য স্থানে আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টরসহ আধুনিক যন্ত্রের মাধ্যমে তল্লাশি, পরিচয় নিশ্চিতকরণ এবং রেজিস্টারে পূর্ণ ঠিকানা ও আগমনের উদ্দেশ্য লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র ও স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখা, ভিডিও ফুটেজ সংরক্ষণ, সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকার ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারগুলোতে দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে যথাযথ তল্লাশির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।দাপ্তরিক সময়ের পর বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করে তদারকি বিবরণী রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নিতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট বাহিনীকে জানানোর নির্দেশ দিয়েছে বিপিডিবি।নিউজ সোর্স: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল