প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি
দিকপাল২৪ ডেক্স ||
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু ও সুন্দর ভোট উপহার দিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় নির্বাচন নিয়ে ইসির সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় ইসির দ্বিতীয় বা দলভিত্তিক কোনো এজেন্ডা নেই।রবিবার (২৯ নভেম্বর) শুরু হওয়া এই সংলাপের প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় বলে প্রথম দিনে যোগ দেয়নি জামায়াতে ইসলামীসহ জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ ছাড়া আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, সারাদেশের কোটি কোটি মানুষ যাতে নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে শুরু করা হচ্ছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব স্থানীয় নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে প্রায় ১০ মাস সময় লাগবে, যা জাতীয় নির্বাচনের মতো ৩ মাসের কোনো প্রক্রিয়া নয়। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চান সিইসি।স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা কামনা করেন।নিউজ সোর্স: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি), নির্বাচন কমিশন সচিবালয়
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল