প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
বছরপ্রতি সাশ্রয় হবে ৩ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার
দিকপাল২৪ ডেক্স ||
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘বাংলাদেশ রিয়েল টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা বার্তা (বিএআরটিএ) চালু করেছে বাংলাদেশ ব্যাংক; এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো লোকাল এলসি সংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় ও তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে পারবে।শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে লোকাল বা ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে বিধায় দেশের পশ্চাৎমুখী সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) সরাসরি উপকৃত হবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি পাবে; সর্বোপরি এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৩ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বার্তা প্ল্যাটফর্মে এপিআই-ভিত্তিক যাচাইকরণ, টোকেন-ভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, এনএটি ও ফায়ারওয়ালের সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) এবং তিন স্তরের অনুমোদন ব্যবস্থা রাখা হয়েছে; বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে এবং বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা এখানে কেবল পর্যবেক্ষণের প্রবেশাধিকার পাবেন, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।প্রাথমিকভাবে লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তার পাশাপাশি সুইফট (SWIFT) ব্যবস্থাও চালু থাকবে; পরবর্তীতে নতুন এই প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফট-ভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল