প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
প্রযুক্তিনির্ভর শিক্ষায় খাপ খাওয়াতে না পারলে বেকারত্ব কমবে না: প্রধানমন্ত্রী
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করা না গেলে দেশে বেকারত্ব কমানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে দক্ষতাভিত্তিক, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। শিক্ষাব্যবস্থাকে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব কাজের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা মূল্যায়ন করা জরুরি। শিক্ষার বিস্তারের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধার কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল