প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের নতুন রেকর্ড, বাজুসের মূল্য ঘোষণা
বিজনেস ডেক্স ||
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকা অতিক্রম করল।শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।অন্যদিকে, পুরোনো স্বর্ণালঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রেও নির্দিষ্ট কর্তনের নিয়ম রয়েছে। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ১ হাজার ৯২৫ টাকা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল