প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নতুন তিন মেডিকেল কলেজে প্রথমবার শিক্ষার্থী ভর্তি, আবেদন চলছে
দিকপাল২৪ ডেক্স ||
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে আসন বেড়েছে ২৭০টি। নতুন শিক্ষাবর্ষে ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টি। নতুন অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজেও এবার ৫০টি করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা রাখা হয়েছে।সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি নির্দেশনা অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসের মোট আসন ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ঢাকা ডেন্টাল কলেজসহ সরকারি মেডিকেল কলেজের আটটি ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে আসন রয়েছে ৫৪৫টি।নতুন অনুমোদন পাওয়া ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন পায় ১৩ মে, নরসিংদী মেডিকেল কলেজ ১৪ জুন এবং ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয় ৯ নভেম্বর ২০২৬। তবে তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামো নির্মাণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসনসংখ্যা সর্বাধিক। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রয়েছে ২২০টি আসন।কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে ২০০টি করে আসন রয়েছে। গোপালগঞ্জ, শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে আসনসংখ্যা ১২৫টি করে।কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন রয়েছে। রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে আসন ৭৫টি করে। এ ছাড়া হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে।সরকারি ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজে ৫৯টি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৫৬টি আসন রয়েছে। সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশালের শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।সরকারি-বেসরকারি সব মেডিকেল ও ডেন্টাল কলেজে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এবং ইংরেজিতে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।ভর্তি পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। ১০০ নম্বরের পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস করতে হলে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে।ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে নির্ধারিত নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০, এসএসসির জিপিএ থেকে ৪০ এবং এইচএসসির জিপিএ থেকে ৬০ নম্বর নির্ধারিত।এ ছাড়া ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর বাদ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল