প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
মার্শাল আর্টকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা ইশরাক হোসেনের
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন; এ লক্ষ্যে রাজধানী থেকে শুরু করে গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইশরাক হোসেন বলেন, মাদকের বিস্তার শহর থেকে গ্রাম এবং স্কুল থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে; মাদকের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধের অংশ হিসেবেই তিনি মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব নিয়েছেন। নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে তিনি জানান, প্রথমত অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দিয়ে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসের উপযোগী আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।দ্বিতীয়ত, মার্শাল আর্টকে গ্রামীণ ও স্কুলপর্যায়ে নিয়ে যেতে বছরব্যাপী কার্যক্রমের পাশাপাশি প্রতি সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতা আয়োজন ও তা সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে; ডব্লিউডব্লিউই রেসলিংয়ের আদলে স্থানীয় পর্যায়ে মার্শাল আর্টের একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করতে চান তাঁরা। তৃতীয়ত, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে সামাজিকভাবে মাদক সমস্যার বিরুদ্ধে ভূমিকা রাখাই কনফেডারেশনের লক্ষ্য; নতুন দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজনে এমএমএ, নারী এমএমএ, মুয়াই থাই, সাভাতে ও ভোভিনাম প্রতিযোগিতার পাশাপাশি কিয়োকুশিন-কান ব্রেকিং, লং স্টিক, নানচাকু ও ইট ভাঙার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল