প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
আনফিট কর্মী বিদেশে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি
দিকপাল২৪ ডেক্স ||
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আনফিট কর্মীকে ফিট দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে কাজ করতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল পাঠানো হবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে একটি ল ফার্ম গঠনের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতেও সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে।প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি; পাশাপাশি প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার পর সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিদেশে অবস্থানরত প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান মন্ত্রী; অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল