প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
বিয়ে না হলে টাকা ফেরত: জীবনসঙ্গী খুঁজতে লিয়াংপেই এআই
দিকপাল২৪ ডেক্স ||
এবার জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু পরিচয় করিয়ে দেওয়াই নয়, তিন বছরের মধ্যে বিয়ে না হলে গ্রাহকের সাবস্ক্রিপশন ফি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে চীনের একটি ডেটিং অ্যাপ। প্রযুক্তির সাহায্যে প্রেম ও বিয়ের বাজারে এমন অভিনব উদ্যোগ ঘিরে চলছে ব্যাপক আলোচনা।সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটির নাম লিয়াংপেই এআই। গত জুলাই মাসে চালু হওয়া এই অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিন বছরের মধ্যে অ্যাপের ব্যবহারকারী বিয়ে করতে না পারলে শর্ত সাপেক্ষে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।অ্যাপটির কাজের ধরন প্রচলিত ডেটিং প্ল্যাটফর্মের চেয়ে আলাদা। এখানে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রাখা হয়নি। একজন ব্যবহারকারী একবারে সম্ভাব্য একজন সঙ্গীর সঙ্গেই যোগাযোগ করতে পারবেন। সেই পরিচয় পর্ব শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে খোঁজার সুযোগ মিলবে না।নিবন্ধনের শুরুতেই ব্যবহারকারীকে প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি যাচাই করা হয় বৈবাহিক অবস্থাও। এরপর এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিটের কথোপকথনে নিজের পরিবার, শিক্ষা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গী সম্পর্কে প্রত্যাশার কথা জানাতে হয়। এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয় ব্যবহারকারীর প্রোফাইল। সেই অনুযায়ী সম্ভাব্য সঙ্গী খুঁজে দেয় প্ল্যাটফর্মটি।লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। অ্যাপটিতে এআই স্ট্র্যাটেজিস্ট নামে সম্পর্কবিষয়ক পরামর্শের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীর কথোপকথন ও প্রোফাইল বিশ্লেষণ করে এটি সম্পর্কের টানাপোড়েন বা জটিলতা সামলাতেও পরামর্শ দেয়।প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি মানুষ এই অ্যাপে নিবন্ধন করেছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল