প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার অভিযানে সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন কারিগরি সহায়তা
দিকপাল২৪ ডেক্স ||
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়; কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক এই কর্মসূচি চলে, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন মিস ত্রিশিতা মাউলা; এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও সেখানে যোগ দেন। এই যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল