প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
গোপন নথি অক্ষত থাকলেও ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রের আন-ক্লাসিফায়েড তথ্য
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে; এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে পড়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ফাঁস হওয়া এসব তথ্য আন-ক্লাসিফায়েড ক্যাটাগরির, অর্থাৎ এগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণিবিন্যাসের (যেমন গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয়) মানদণ্ড পূরণ করে না এবং এসব তথ্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইবার হামলাটি চালানো হয়েছে একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য নেটওয়ার্কে; এই নেটওয়ার্কে বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, স্যাটেলাইট চিত্র এবং অর্থের বিনিময়ে কেনা বিভিন্ন তথ্য একত্র করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, এই হামলায় গোপনীয় নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।সিস্টেমগুলোতে প্রবেশের জন্য ঠিক কী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা স্পষ্ট কিছু জানাননি; তবে অনুপ্রবেশের প্রভাব সীমিত করতে এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে তারা প্রকাশ করেছেন।মার্কিন কর্মকর্তারা এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেননি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে যে ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ; এর আগে সম্প্রতি এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছিল।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল