প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গুজবের ঝাপটায় তছনছ তথ্যপ্রবাহ
জসিম মুহাম্মদ রুশনী , নাট্যকর্মী, কবি ও কলামিস্ট ||
অনেক বছর ধরে দেশে গুজবের স্রোত চলছে। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক প্রসঙ্গে। ধর্ম অবমাননার গুজবে এই জনপদের অনেক অঞ্চল মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে। রাজনৈতিক গুজবের কারণে সামগ্রিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজ। নেমে এসেছে অবক্ষয়। ছড়িয়ে পড়েছে অস্থিরতা। ভেঙে গেছে সামাজিক নিরাপদ প্রাচীর। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তথ্যপ্রবাহের। গুজবের ঝাপটায় বেদিশা হয়ে মানুষ আস্থা হারিয়েছে গণমাধ্যমের উপর থেকে। ফলে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর অচলায়তনের। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্র অস্তিত্বের সংকটে পড়ে। এই সংকটটাই চায় গুজবের কারবারিরা। ওরা চায় রাষ্ট্র ভেঙে পড়ুক, সমাজ পিছিয়ে যাক, মানুষ ভীত হোক। রাষ্ট্র ভেঙে পড়লে মাফিয়ারা খুশি হয়। সমাজ পিছিয়ে পড়লে আধিপত্যবাদী হায়েনারা তৃপ্তি পায়। মানুষকে ভীত হতে দেখলে সুবিধাবাদী ফড়িয়ারা তাদের ভুজুংভাজুংয়ের ঝাঁপি খুলে বুজরুকির পসরা সাজাতে পারে। তাই গুজব একটি সর্বগ্রাসী মহামারি। রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগ খুবই স্বাভাবিক বিষয়। যখন তখন যেকোনো ইস্যুতে রাষ্ট্রে অস্থিরতা আসতেই পারে, সেটা আবার কেটেও যায়। রাষ্ট্রকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনা কিংবা স্থিতিশীলতাকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে হয় গণমাধ্যমকে। আর গণমাধ্যমের প্রাণ হচ্ছে অবাধ তথ্যপ্রবাহ, সেই প্রাণটাকেই শক্তিহীন করে দেয় গুজব। সত্য সংবাদের ডালপালা থাকে না কিন্তু গুজবের থাকে নানান বাহারি ডালপালা ও কূটকৌশল। গুজববাজরা জানে কোনটা বেশি সংবেদনশীল গণমানুষের জন্য, আর তারা সেই সংবেদনশীল পয়েন্টেই সাজিয়ে নেয় মিথ্যার বেসাতি। গুজব প্রতিরোধের দৃশ্যমান কোনও কার্যকর পদ্ধতি আছে কি? নেই। তাহলে একে রোধ করা কি যাবেই না? কিন্তু এর উত্তর হচ্ছে "অবশ্যই করা যাবে।" কীভাবে? খুবই সহজ কিন্তু এটা পেশাগত নিষ্ঠার উপর নির্ভরশীল। সংবাদকর্মীদের সনাতন তথ্যনির্ভরতা ঝেড়ে সরেজমিনে প্রত্যক্ষ করাকে নিজেদের দায় মনে করতে হবে। প্রযুক্তির যুগে হরেক রকমের নিউজ ওয়েবসাইট আছে কিন্তু সেগুলোকেও যাচাই করার সক্ষমতা থাকতে হবে সংবাদকর্মীদের মস্তিষ্কে। চটকদার তথ্য কিংবা হাইপোথিসিস সৃষ্টি করা তথ্যগুলোকে বাস্তবতার মানদণ্ডে যাচাই করতে হবে। গুজব প্রতিরোধের সবচেয়ে কার্যকর এবং আবশ্যিক কাজটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুজবনির্ভর পেজ ও প্রোফাইলগুলোকে চিহ্নিত করে গণমানুষের সামনে বারবার তুলে ধরতে হবে। গুজব একটি ভয়ানক নৈরাজ্যের বায়বীয় অস্ত্র। একে প্রতিরোধ করাকেই অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে দায়িত্বশীল সচেতন গণমাধ্যমগুলোকে। গুজব নামীয় এই দানবকে থামানো না গেলে তছনছ হয়ে যাবে তথ্যপ্রবাহ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল