প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সীমান্ত রুট পর্যবেক্ষণে নতুন তৎপরতা, নেপথ্যে কী পরিকল্পনা?
দিকপাল২৪ ডেক্স ||
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য বিকল্প পথ খতিয়ে দেখতেই তাঁরা এই সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে।রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছে তাঁরা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত তথ্যানুযায়ী, এই চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এ সময় দেশটির অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের রুদ্ধদ্বার পর্বে বসার কথা জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন।টিভি নাইন বাংলার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না, বরং বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি আগামী মঙ্গলবার তাঁদের ত্রিপুরার আগরতলা সীমান্তে যাওয়ার কথা রয়েছে এবং পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া একই দিনে পেট্রাপোল এলাকায় ‘হিন্দু সুরক্ষা সমিতি’র এক মিছিলে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।এদিকে, ব্রিটেনের একটি আইনি সংস্থার মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়টিও সামনে এসেছে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাঁর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশের মধ্যে কথা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের কী বিষয়ে কথা হয়েছে, সে সম্পর্কে দেশটির অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল