প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপে মিরসরাইয়ের ওসিকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক ||
‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, রাস্তায় পড়ে থাকবি।’—অজ্ঞাত নম্বর থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে এমন প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেওয়া এবং কাফনের কাপড় প্রস্তুত রাখাসহ একাধিক বার্তা পাঠানো হয়েছে।বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কোডযুক্ত অজ্ঞাতনামা এক ব্যবহারকারী বার্তাগুলো পাঠান। অজ্ঞাত ব্যক্তির পাঠানো মেসেজগুলোতে ইংরেজি ও বাংলায় লেখা ছিল—‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon, পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’ এ ছাড়াও বার্তায় বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস তাহলে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’এ ঘটনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল