প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
‘শিক্ষকদের প্রধান কাজ শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি করা’
নিজস্ব প্রতিবেদক ||
এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ নিশ্চিত করতে নির্বাচনি পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, রাজধানীর নামি স্কুলসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য এমন চর্চার অভিযোগ রয়েছে। পাশাপাশি শৃঙ্খলার নামে শিক্ষার্থীদের টিসি দেওয়া, মানসিক নির্যাতন ও শিক্ষা থেকে বঞ্চিত করার ঘটনাও ঘটছে; এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে এবং কেউ কেউ ঝরে পড়ছে।শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) পালিত হচ্ছে বিশ্ব শিশুদিবস। এবারের প্রতিপাদ্য ‘মাই ডে, মাই রাইট, মাই ফিউচার’—‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা জরুরি, তবে তার নামে কোনো শিশুর শিক্ষার অধিকার কেড়ে নেওয়া যাবে না; শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের আচরণ ও শিক্ষাদর্শনে পরিবর্তন আনতে হবে।সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিক্ষা ও বিদ্যালয়-সংক্রান্ত সমস্যা নিয়ে ৬ হাজার ৭০১টি কল এসেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া, বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি), শারীরিক শাস্তি, শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ, শিখন-সংক্রান্ত প্রতিবন্ধকতা, পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া।১০৯৮ কর্তৃপক্ষ জানায়, অক্টোবরের শুরুতে ঢাকার একটি নামি স্কুলের এক শিক্ষার্থী ফোন করে কান্নায় ভেঙে পড়ে। ওই স্কুলের ১৫০ এসএসসি পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪০ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং বাকিদের অন্য স্কুল থেকে পরীক্ষা দিতে বলা হয়; এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।১০৯৮-এর ব্যবস্থাপক চৌ. মো. মোহায়মেন বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরাও এ ধরনের অভিযোগ জানাচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিলে তারা ভালো ফল করে, কিন্তু ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের বঞ্চিত করছে। অভিভাবকেরাও অন্য সন্তান একই প্রতিষ্ঠানে পড়ায় অনেক সময় অভিযোগ করতে সাহস পান না। পরীক্ষায় নকল, স্কুল সময়ে বাইরে যাওয়া কিংবা নিয়ম ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীদের টিসি দেওয়া হচ্ছে এবং মাদ্রাসায় অমানবিক শাস্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়ার ঘটনাও রয়েছে।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম থাকবে, তবে সেই নিয়ম যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন কেড়ে না নেয়, তা নিশ্চিত করতে হবে।১০৯৮-এর সাইকোসোশ্যাল কাউন্সেলর তরিউর রহমান বলেন, শিক্ষকদের বুলিং ও অপমানজনক আচরণের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। এর প্রভাব আত্মহত্যার প্রবণতা বাড়াতেও ভূমিকা রাখছে; বছরের শেষ দিকে স্কুল থেকে বের করে দিলে ওই শিক্ষার্থী বন্ধুদের ছেড়ে চলে যাওয়া এবং অন্য স্কুলে নতুনদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে সমস্যায় পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, ফলে বছরের এই সময় অভিভাবকরা সন্তানকে নিয়ে বিপাকে পড়েন।সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল (বাংলাদেশ)-এর শিশু সুরক্ষা ও শিশু অধিকার সুশাসন বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্র আইন ভঙ্গকারী শিশুকেও সংশোধনের সুযোগ দেয়, অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে কেন একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে পড়বে? শিক্ষার্থীদের অন্য স্কুল থেকে বোর্ড পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা তাদের ও পরিবারের অধিকার ক্ষুণ্ন করে এবং এ ধরনের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের একক সিদ্ধান্তের পরিবর্তে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শিশুদের জন্য এখনো শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা যায়নি এবং আমরা ৫ম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করতে পারিনি; সরকারের হিসাব মতে এখনো ৩ কোটি ২০ লাখ শিশু নিরক্ষর। শিক্ষকদের প্রধান কাজ শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি করা, অথচ অনেক শিক্ষক শিক্ষার্থীদের অপমান করেন, অন্যের সঙ্গে তুলনা করেন এবং তাদের স্বপ্ন ভেঙে দেন। এই সময়ের শিশুরা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা, তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের গুরুত্ব দিতে হবে; সেজন্য শিক্ষকতা পেশায় যোগ্য ও মানসিকভাবে প্রস্তুত ব্যক্তিদের আনা এবং তাদের আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।তিনি বলেন, শুধু অবকাঠামো বা স্মার্ট ক্লাসরুম দিয়ে শিক্ষার মান বাড়ানো সম্ভব নয়, প্রয়োজন দক্ষ ও মানবিক শিক্ষক। এজন্য একটি সুস্পষ্ট শিক্ষা দর্শন এবং সব শ্রেণির অংশগ্রহণে শিক্ষা সংস্কার কমিশন গঠন জরুরি; অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে শিশুর অধিকার ও বিকাশকে গুরুত্ব দিতে হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল