প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
বানান সহজীকরণে ঐতিহ্য ও গাম্ভীর্য বিসর্জন কাম্য নয়
জসিম মুহাম্মদ রুশনী , নাট্যকর্মী, কবি ও কলামিস্ট ||
ভাষা কোনো স্থবির বস্তু নয়, বরং তা নিয়ত পরিবর্তনশীল। সময়ের প্রয়োজনে ভাষার রূপান্তর ঘটে, পরিমার্জন আসে। বাঙলা ভাষাও তার হাজার বছরের পথচলায় বহু পরিবর্তনের মধ্য দিয়ে আজকের রূপটি পরিগ্রহ করেছে। কিন্তু সময়ে সময়ে বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়মগুলোতে 'সহজীকরণ' ও 'একরূপতা' আনার যে মরিয়া চেষ্টা দেখা যায়, তা ভাষাচিন্তক ও সাহিত্যকর্মীদের গভীর উদ্বেগের মধ্যে ফেলে দেয়। প্রশ্ন ওঠে—সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্তি দূর করার নামে ভাষার যে সহজাত সৌন্দর্য, ঐতিহাসিক গাম্ভীর্য এবং দৃশ্যমান ঐতিহ্য রয়েছে তা কি আমরা অবলীলায় বিসর্জন দিয়ে দিচ্ছি না? এই সংকটের কিছু সাম্প্রতিকতম উদাহরণ যোগ করতে চাই। যেমন 'পদাবলী' শব্দটিকে জোরপূর্বক 'পদাবলি'তে রূপান্তর করা হলো। আধুনিক প্রমিত নিয়ম বলছে—সংস্কৃত বা তৎসম শব্দে যেখানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বরই ব্যাকরণসিদ্ধ, সেখানে কেবল হ্রস্ব ই-কার ব্যবহৃত হবে। আপাতদৃষ্টে এই নিয়মকে শৃঙ্খলামূলক মনে হলেও এর অন্তর্নিহিত যান্ত্রিকতা ভাষার আত্মাকে ছোট করে ফেলে। 'পদাবলী' শব্দের ভেতরের যে বিপুলতা, বৈষ্ণব সাহিত্যের যে গম্ভীর ঐতিহ্য ও ভক্তিভাব জড়িয়ে আছে তা কেবল একটি হ্রস্ব ই-কারের খাঁচায় বন্দি করলে তার সেই দৃশ্যমান ওজনটি হারিয়ে যায়। ঠিক একই কথা খাটে 'রত্নাবলী', 'পাঁচালী' কিংবা 'বৈশালী'র মতো শব্দগুলোর ক্ষেত্রেও।শব্দ কেবল কানে শোনার বিষয় নয়, লৈখিক রূপের মাধ্যমে তা পাঠকের মস্তিষ্কে একটি দৃশ্যপট বা অনুভূতির জন্ম দেয়। দীর্ঘ 'ঈ' কারের সেই গাম্ভীর্যকে জোর করে হ্রস্ব করার নীতি তাই নিতান্তই হালকা ঠেকে। একই শব্দে পরপর দুইবার দীর্ঘস্বরের শ্রুতিকটুতা এড়াতে 'দীপাবলি'তে হ্রস্ব ই-কার ব্যবহার যেমন নান্দনিকভাবে সুন্দর ও যৌক্তিক, তেমনি 'পদাবলী' বা 'রত্নাবলী'র ক্ষেত্রে দীর্ঘ রূপটিই অধিকতর সুন্দর। কিন্তু একাডেমি সবাইকে 'এক লাঠিতে ভর দিয়ো হাঁটাতে গিয়ে' শব্দের এই অভ্যন্তরীণ সুর ও নান্দনিক ভারসাম্যকে অস্বীকার করছে কেন বারবার? বাংলা একাডেমির এই অতি-সরলীকরণের নীতি মূলত একটি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি। এটি শিক্ষার্থীদের বা দাপ্তরিক কাজের সুবিধার কথা চিন্তা করে করা হয়েছে, যা হয়তো ব্যাকরণের ছকে মিলে যায় কিন্তু শিল্পের কষ্টিপাথরে তা বরাবরই অনুত্তীর্ণ। সাহিত্যের ভাষা আর অফিসের নোটিশের ভাষা সবসময় এক হতে পারে না। অতীতেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা প্রমথ চৌধুরীর মতো ঋষিতুল্য ভাষাসেবকরা বানানের এমন যান্ত্রিক সরলীকরণের তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁরা মানতেন যে, জোর করে চাপানো নিয়ম ভাষার স্বাভাবিক বিকাশকে রুদ্ধ করে। তদ্ভব শব্দের অজুহাতে 'পাঁচালী'কে 'পাঁচালি' করার মধ্যে কোনো দূরদর্শিতা নেই, আছে কেবল ঐতিহ্যের অপমৃত্যু ঘটানোর অপচেষ্টা। তাহলে মুক্তির উপায় কী? সমাধান লুকিয়ে আছে অনমনীয়তা পরিহার করার মধ্যে। যেসব শব্দে ঐতিহাসিকভাবে হ্রস্ব ও দীর্ঘ দুই রূপেরই ব্যাকরণগত বৈধতা আছে সেখানে জোর করে একটিকে নিষিদ্ধ না করে বিকল্প হিসেবে দুটি রূপকেই স্বীকৃতি দেওয়া উচিত। লেখকদের এই স্বাধীনতা থাকা দরকার - তাঁরা তাঁদের রচনার ভাব ও গাম্ভীর্য অনুযায়ী শব্দের রূপ বেছে নেবেন।ভাষা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই পরিবর্তন যেন ভাষার মূল সম্পদ, তার ঐতিহ্য ও গাম্ভীর্যকে নষ্ট করে না ফেলে। সহজীকরণের নামে যদি ভাষাকে শ্রীহীন ও যান্ত্রিক করে তোলা হয় তবে তা হিতে বিপরীতও হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমিকে বুঝতে হবে তারা ভাষার অভিভাবক, কোনো অনমনীয় শাসক না। আশা রাখছি, একাডেমি তার এই যান্ত্রিক নীতি পুনর্বিবেচনা করবে এবং ভাষাসেবী সাহিত্যকর্মীদের নান্দনিক দাবিকে সম্মান জানিয়ে বাঙলা ভাষার চিরন্তন রূপটি রক্ষায় আরেকটু দরদি হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল