প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদ প্রতিহত ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের রূপরেখা
||
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পালনের এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচির আওতায় সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো নানা আয়োজন থাকছে।ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে, যার সমাধানের কোনো পথ দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে না।তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত এবং রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখেই দলগতভাবে ৪০ দিনের এই কর্মসূচি নেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে; এরপর ২৫ নভেম্বর ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল এবং মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন, ২৬ নভেম্বর জেলা সদরে সমাবেশ ও মিছিল, ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।পরবর্তী ধাপে ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা, ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে।সবশেষে ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’, ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের ও ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প ও যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের মধ্য দিয়ে ৪০ দিনের কর্মসূচি শেষ হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল