প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
অন্ধ্র-ওডিশামুখী প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা
আবহাওয়া ডেক্স ||
অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার পর এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে এবং আগামী অন্তত দুই দিন দেশজুড়ে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল