প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
জননিরাপত্তা রক্ষায় চট্টগ্রামে জেলা প্রশাসনের কঠোর নজরদারি
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
চট্টগ্রাম নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাকলিয়া, আগ্রাবাদ, পতেঙ্গা ও চান্দগাঁও সার্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে বিশেষ নিরাপত্তা টহল ও নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই বিশেষ কার্যক্রম পরিচালনা করেন।টহলের অংশ হিসেবে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা, আগ্রাবাদ সার্কেলের দেবব্রত দাশ, পতেঙ্গা সার্কেলের শাহীদ ইশরাক এবং চান্দগাঁও সার্কেলের মো. আল আমিন হোসেন নিজ নিজ এলাকার টহল ও তদারকিতে নেতৃত্ব দেন। এ সময় কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস, ডিসি হিল, সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং, ইপিজেড, পাঁচলাইশ ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং কালুরঘাট বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মাঠপর্যায়ে এই নজরদারি অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল