প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ফিজিতে পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ
দিকপাল২৪ ডেক্স ||
বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি একটি নতুন সম্ভাবনাময় বাজার হিসেবে আবির্ভূত হতে পারে এবং দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামি। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে এই আলোচনা হয়।বৈঠকে ফিজির হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করায় হোটেলশিল্পের চাহিদা মেটাতে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। দেশটিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশের সুযোগ রয়েছে। এছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগের রপ্তানি সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, উন্নত আয়ের আশায় ফিজির স্থানীয় কর্মীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় দেশটিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। ফলে বাংলাদেশ থেকে কর্মী নিতে শ্রম স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কর্মীদের পরিবারসহ বসবাসের বিষয়েও ফিজি ইতিবাচক বলে জানানো হয়। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর সংযোগ ও বিটুবি বৈঠক আয়োজনের প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন বা বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে। সোর্স: বাণিজ্য মন্ত্রণালয়
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল