প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
রামিসা ধর্ষণ ও হত্যা: চূড়ান্ত রায় ঘোষণা শুরু হাইকোর্টে
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শেষে চূড়ান্ত রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পাঠ করছেন।এর আগে সোমবার (১৬ নভেম্বর) এই হাইকোর্ট বেঞ্চেই দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় এবং রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।মামলার বিবরণী থেকে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা তার পরিবারের সঙ্গে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকত। একই বাসার অপর ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও স্বপ্না আক্তার গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার পর জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে গেলেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় রামিসার বাবার দায়ের করা মামলায় গত ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে ২৫ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান চার্জশিট দাখিল করলে ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন মাত্র এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করে তা ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জরিমানার অর্থ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে তা আদায়ের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের ওই রায়ের পর নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল