প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
আল জাবিরী, সম্পাদক ||
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে উঠতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’ খেলাধুলার বিষয়ে তিনি নতুন কুঁড়ি স্পোর্টসে ছয়-সাতটি খেলার মধ্য থেকে নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি বেছে নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন। এছাড়া শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তুলতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখার পরিকল্পনার কথা জানান তিনি।ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত হতে হবে। আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’ মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি দক্ষতা অর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার তাগিদ দেন।এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী-শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল