প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইউরোপে হামলা চালাতে পারে ইরান
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়িয়ে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিবর্তিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিসহ ইউরোপের বিভিন্ন মার্কিন স্থাপনাকে নিশানা করতে সক্ষম তেহরান। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) প্রচারিত ওই প্রতিবেদনে বলা হয়, খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাষ্ট্রে পরিবর্তন এনে ও ওয়ারহেডের ওজন কমিয়ে এর পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এর আগে গত ৩১ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনার পর দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে দীর্ঘদিনের স্বেচ্ছায় আরোপিত ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন আবারও হামলা শুরু করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।ইরানের পক্ষ থেকে এমন হুশিয়ারির পাশাপাশি ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ দ্রুত বাড়ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরান-সমর্থিত ড্রোন হামলার একটি সম্ভাব্য পরিকল্পনা শনাক্ত হওয়ার পর পূর্ব ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে প্রায় এক ডজন মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার সম্ভাব্য একটি পরিকল্পনা নস্যাৎ করে ব্রিটিশ পুলিশ এবং তিন ভ্যানে থাকা পাঁচজনকে আটক করে। মার্কিন কৌঁসুলিদের দাবি, ওই ব্যক্তিরা অগ্নিসংযোগের উপকরণ ব্যবহার করে ঘাঁটিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে ইউরোপ সরাসরি অংশ না নিলেও ওয়াশিংটনের সঙ্গে তাদের সহযোগিতার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাইছে তেহরান। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করে, তাহলে পাল্টা প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তুর তালিকায় ইউরোপও থাকবে, যা ইউরোপীয়দের কাছে স্পষ্টভাবে তুলে ধরছে তেহরান।’ ফলে মার্কিন নতুন হামলা ঠেকাতে ইরান মূলত ইউরোপকে সতর্ক করছে নাকি সংঘাতের পরিধি ইউরোপ পর্যন্ত বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে এখন গভীর কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক গণমাধ্যম
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল