প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
আদালত থেকে ছাড়া পেলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল উদ্দিন
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন শেষ পর্যন্ত আদালত থেকে মুক্তি পেয়েছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা এবং পরিবারের কেউ যোগাযোগ না করায় তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে চারটার দিকে আদালত থেকে তিনি ছাড়া পান। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, গত শুক্রবার রাতে নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ দেখা করতে আসেননি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ফলে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে তিনি মুক্তি পান।এর আগে গত শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নিয়েছিল পুলিশ। এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তার বক্তব্য ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল