প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
রুকন ছাড়াই উপদেষ্টা পরিষদ গঠনে গঠনতন্ত্র বদলাচ্ছে জামায়াত
পলিটিক্যাল ডেক্স ||
দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘ সাড়ে আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো মূল গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কঠোর আদর্শিক গণ্ডি পেরিয়ে একটি উদার ও গণমুখী রাজনৈতিক শক্তিতে রূপ নেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে দলের শপথপ্রাপ্ত সদস্য বা ‘রুকন’ হওয়ার বাধ্যবাধকতা ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞ, সাবেক আমলা, কূটনীতিক ও শিক্ষকদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যাতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নীতিগত সম্মতিও মিলেছে।দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে এবং গঠনতন্ত্র সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঐতিহ্যগতভাবে জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম যেমন নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য হতে গেলে রুকন হওয়া বাধ্যতামূলক হলেও, এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে মেধাবী ও বিশেষজ্ঞদের দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে এগোচ্ছে দলটি।মূলত আধুনিক রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখা এবং সব শ্রেণির মানুষের আস্থা অর্জনে পুরোনো কট্টরপন্থী নীতি থেকে বেরিয়ে আসার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়াঙ্গন ও সংস্কৃতিসহ দলের দুর্বল সেক্টরগুলোতে গ্রহণযোগ্যতা বাড়াতে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে এবং আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা যুক্ত থেকে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও টেকসই সমাধান দিচ্ছেন, যা দলটিকে একটি গণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।সূত্র: জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সূত্র
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল