প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
বাবার পথ ধরে ক্রিকেটে আসছেন তারকার সন্তানরা
স্পোর্টস ডেস্ক ||
‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকেই ক্রিকেটে বেশ প্রাসঙ্গিক। বাবারা ক্রিকেটে বড় ছাপ ফেলে যান, এরপর তাদের সন্তানেরাও হেঁটে যান সে পথে। মহিন্দর অমরনাথ থেকে স্টুয়ার্ট ব্রড… এই তালিকাটা নেহায়েত কম লম্বা নয়। এই তালিকায় সবশেষ সংযোজন বনে যাওয়ার অপেক্ষায় আছেন আরও কিছু তরুণ তুর্কি, যাদের খোঁজ মিলবে এক নজরে। ভারতের সাবেক আক্রমণাত্মক ব্যাটার বীরেন্দর শেবাগ প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি আর ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ‘ডাবল’ বাগিয়ে নেওয়ার রেকর্ড গড়ার পাশাপাশি ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তার ছেলেও এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় দলে কড়া নাড়ছেন। বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই তরুণ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাবার মতো বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছেন।এদিকে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটে বড় ছাপ রেখে যাওয়ার পর অধিনায়ক ও পরবর্তীতে কোচ হিসেবে দলকে ফাইনালে নিয়ে গেছেন। তার ছেলে অন্বয় দ্রাবিড়ও কর্ণাটকের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলে এখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও ডাক পেয়েছেন এবং অ-১৯ এশিয়া কাপেও অংশ নিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের বিধ্বংসী অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ছেলেও বাবার পথ ধরে মিডিয়াম পেস ও বিধ্বংসী ব্যাটিংয়ে অলরাউন্ডার হিসেবে পাকিস্তান দলে জায়গা পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন। চলতি বছর ২২ বছর বয়সী আলীর ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিষেকের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে ৬৪ ও ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ক্রিকেটেও রয়েছে এমন বাবা-ছেলের যুগবন্দি। বাবা জাহাঙ্গীর আলম ১৯৯৯ সালে বাংলাদেশ দলে ওপেনার ও উইকেটরক্ষক হিসেবে খেললেও ঘরোয়া ক্রিকেটে তার পারফর্ম্যান্স ছিল অসামান্য। তার ছেল জিসান আলমও সাদা বলের দুই ফরম্যাটে যথাক্রমে ১১০ ও ১৩৮ স্ট্রাইক রেট নিয়ে ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বাড়তি সমীহ কুড়াতে শুরু করেছেন এবং জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন।এই তালিকায় ব্যতিক্রমী একটি নাম মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। আফগানিস্তান জাতীয় দলের ৪১ বছর বয়সী কিংবদন্তি মোহাম্মদ নবী এখনো খেলে যাওয়ায়, বাবা ও ছেলে দুজনেই শিগগিরই জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলার বিরল নজির গড়ার অপেক্ষায় রয়েছেন। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ডাকাবুকো ব্যাটিং দিয়ে পরিচিতি পাওয়ার পাশাপাশি ইতোমধ্যে এশিয়ান গেমসে তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে গেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল