প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই যে পরিকল্পনাগুলো করেছিলেন, এখন সেগুলোই সফলভাবে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্কে অবস্থান শেষে আজ ভোর ৫টা ৪০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।বিমানবন্দরে আয়োজিত ওই ব্রিফিংয়ে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খনন করার মতো সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। এমনকি তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনেও সেই প্রতিশ্রুতির কথা জোরালোভাবে তুলে ধরেছেন এবং বর্তমানে দেশজুড়ে সেই পরিকল্পনাগুলোই বাস্তবায়ন করা হচ্ছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যক্রম তুলে ধরে প্রেস সচিব জানান, গত ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনে গত ১১ ও ১২ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপ ও সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলন চলাকালে তাঁর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, সেমিনার এবং সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর ছোট বহর নিয়ে সন্তোষ প্রকাশ করে সালেহ শিবলী বলেন, এবারের তুরস্ক সফরে মাত্র ২১ জন সঙ্গী হয়েছিলেন, যা একটি অত্যন্ত ইতিবাচক দিক। সাধারণত রাষ্ট্রীয় এমন সফরে হাজার হাজার মানুষের ভিড় করার যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসেছে। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফর শেষে গত বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।সূত্র: প্রেস ব্রিফিং ও সরকারি প্রেস উইং
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল