প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টকে দেশের মানুষ কখনোই জায়গা দেবে না: আইনমন্ত্রী
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের মানুষ কখনোই কোনো পতিত ফ্যাসিস্টকে আর জায়গা দেবে না। আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, যারা বোমা সন্ত্রাস করে এবং ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়িতে বরণ করে দেশে ফিরিয়ে আনতে চাইছেন, তারা সম্ভবত বাংলাদেশের সাধারণ মানুষকে চেনেন না। অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) পথ ধরে হাঁটে না। রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব না হলেও সরকার সঠিক তথ্যের ভিত্তিতেই এগিয়ে যেতে চায়। সব প্রতিকূলতা সত্ত্বেও দেশ বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকারের এই অগ্রযাত্রা যেকোনো মূল্যে অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বিগত নয় মাসে সরকারের অর্জিত সফলতাগুলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল