প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
জোছনা ও জননীর গল্পে যিনি বুঁদ করে রেখেছিলেন পুরো একটি প্রজন্ম, বাতাসে ও জোছনায় যাঁর উপস্থিতি আজও অনুভব করেন লাখো পাঠক, সেই জাদুকরি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ।গাজীপুরের সবুজ চাদরে মোড়ানো নুহাশপল্লী আজ আবারও মুখরিত প্রিয় মানুষের স্মরণে। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা ১ মিনিট। জন্মদিনের প্রথম প্রহরেই লিচুতলার সমাধি প্রাঙ্গণে জ্বলে উঠল প্রায় ৫০০টি মোমবাতি। শত শত জোনাকির মতো সেই আলোয় কেঁপে উঠল প্রিয় লেখকের চিরনিদ্রার আঙিনা। নিস্তব্ধ রাতে মোমবাতির আলো আর ভালোবাসার চাদরে মোড়ানো সেই ক্ষণে কেক কেটে স্মরণ করা হলো বাংলা সাহিত্যের এই বরপুত্রকে।প্রতিবারের মতো আজও নুহাশপল্লীর লিচুতলা হয়ে উঠেছে মিলনমেলা। কবি, নাট্যজন, প্রকাশক আর সাধারণ পাঠকদের ভিড়ে আবারও জীবন্ত হয়ে উঠছেন হুমায়ূনের সৃষ্টিশীল চরিত্রগুলো।কেউ গায়ে জড়িয়েছেন হিমুর মতোন হলুদ পাঞ্জাবি, কেউ বা নীল শাড়িতে সেজে রূপার অবয়বে হেঁটে বেড়াচ্ছেন চারপাশটায়। প্রিয় লেখকের কাল্পনিক চরিত্রগুলোকে নিজেদের পোশাকে ধারণ করে ভক্তরা যেন ফিরিয়ে এনেছেন হুমায়ূনের সাহিত্যজগতের এক টুকরো জীবন্ত আবহ। প্রিয় লেখকের সমাধিতে ফুল দিতে এসে অনুরাগীদের চোখে-মুখে কেবল শ্রদ্ধা আর হারানোর বেদনা।হুমায়ূন আহমেদ মানেই তো প্রকৃতিপ্রেম, বৃক্ষের প্রতি এক অদ্ভুত মায়া। গাজীপুরের এই নুহাশপল্লী কেবল একটি বাগানবাড়ি নয়, এটি তাঁরই মনের একটি প্রতিচ্ছবি। গাছপালা, সবুজ চাদর আর নান্দনিকতায় ঘেরা এই শান্ত প্রাঙ্গণেই আজ চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। জীবদ্দশায় প্রকৃতিকে তিনি যেভাবে ভালোবেসেছেন, নুহাশপল্লীর প্রতিটি সবুজ পাতায় যেন তারই অমর স্পন্দন লেপ্টে আছে।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্ম নেওয়া শিশুটি কে জানত একদিন হয়ে উঠবেন পুরো জাতির আবেগের ঠিকানা। পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর হলেও তাঁর হৃদয়ের বিশালতা ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায়। বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজের হাত ধরে চলা সেই পথচলা একসময় রূপ নেয় বাংলা সাহিত্যের অনন্য উচ্চতায়। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যানসারের কাছে হেরে গিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেও, তাঁর সৃষ্টিশীলতার কোনো মৃত্যু নেই।আজ মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু বইয়ের তাক থেকে হিমু, মিসির আলী কিংবা বাকের ভাইয়েরা একটুও বুড়িয়ে যাননি। নতুন প্রজন্মের পাঠকেরা আজও সমান আগ্রহে খুঁজে নেন সেই চেনা জগতটাকে।১৩ নভেম্বর তাই কেবল একজন লেখকের জন্মদিনের ক্যালেন্ডার নয়, অসংখ্য পাঠকের কাছে প্রিয় মানুষটিকে নতুন করে ভালোবেসে ফিরে পাওয়ার এক পবিত্র দিন। শুভ জন্মদিন, প্রিয় হুমায়ূন আহমেদ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল