প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
বন্দরে মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট জব্দ, আটক ৭ মেশিন
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
চট্টগ্রাম বন্দরে নিষিদ্ধ সিগারেট নয়, এবার মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সম্পূর্ণ একটি সমন্বিত প্ল্যান্ট। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে এই প্ল্যান্ট আটক করা হয়েছে, যার মধ্যে সিগারেট তৈরির ৭টি মেশিন রয়েছে।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এই প্ল্যান্ট আটক করে। মূলত সিগারেট প্যাকিং ও রেপিং মেশিন ঘোষণা দিয়েই চালানটি আমদানি করা হয়েছিল এবং বাজারমূল্যের মাত্র ২৫ ভাগের এক ভাগ দাম দেখিয়ে বড় অঙ্কের শুল্ক ফাঁকির চেষ্টা করা হয় বলে এনবিআর সূত্র জানিয়েছে। এনবিআরের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ঢাকার একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সিআইআইডির সন্দেহ হওয়ায় চালানটি কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।পরীক্ষায় দেখা যায়, চালানটিতে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপারসহ মোট সাতটি মেশিন রয়েছে। অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের আড়ালে মূলত সিগারেট তৈরির মূল মেশিন বা পুরো প্ল্যান্টই আমদানি করা হয়েছে। এই প্ল্যান্টের ইনভয়েসে ঘোষিত মূল্য মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার দেখানো হলেও, ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এর প্রকৃত মূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ বেশি। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে এর আগে প্রায়ই বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ সিগারেট আটক হলেও, এই প্রথম পুরো সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের প্ল্যান্ট আটক করল সিআইআইডি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল