প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
পুলিশ ও গোয়েন্দার হাতে চলে এল আওয়ামী ‘গেরিলা সেলের’ তথ্য
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা থেকে বের হয়ে জনমনে সহানুভূতি কুড়াতে সারা দেশে গোপন হামলা ও নাশকতার সুনির্দিষ্ট ছক কষেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মাঠপর্যায়ে অস্থিরতা ও কৃত্রিম আতঙ্ক তৈরির জন্য দলটির বিশেষ প্রশিক্ষিত কিছু ‘গেরিলা সদস্যকে’ সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার প্রকাশিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। শ্রমিক বা সাধারণ মানুষের ছদ্মবেশে ‘হিট অ্যান্ড রান’ কৌশলে এসব নাশকতা চালাচ্ছে দলটির মাঠপর্যায়ের ক্যাডাররা। বিদেশি নম্বর, এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ এবং হুন্ডির মাধ্যমে আসা অর্থের ওপর ভর করে এই গোপন নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও সাইবার ইউনিটের যৌথ অভিযানে নাশকতার সঙ্গে জড়িত একটি বড় চক্রের তালিকা এবং ফিন্যান্সিয়াল ট্রেইল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।গোয়েন্দা সূত্র জানায়, এই নাশকতার পরিকল্পনাটি মূলত তিন স্তরে সাজানো হয়েছে। বর্তমান প্রাথমিক স্তরের পর আগামী ১৫ নভেম্বর থেকে মাঠে নামবে দ্বিতীয় স্তরের টিম, যারা তুলনামূলক উচ্চমাত্রার নাশকতার অপচেষ্টা চালাবে। সবশেষে দেশের অর্থনীতি ও সাপ্লাই চেইন ভেঙে দিতে নামানো হবে ‘মাস্টার টিম’। এই পুরো নাশকতার ছকের পেছনে দেশ ও দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত দলের শীর্ষস্থানীয় নেতা এবং ভারতে পলাতক এক সাবেক শীর্ষ কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে।এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। রাজধানীসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে গোয়েন্দা নজরদারি, ড্রোন ট্র্যাকিং, কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীর ভেতরে থাকা কিছু সদস্যের দ্বিমুখী ভূমিকা বা ‘দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে কঠোর বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ জানিয়েছেন, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল