প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বানে বিরোধীদলীয় নেতার উষ্ণ অভ্যর্থনা
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার এই আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের বিষয়টিকে সমর্থন ও স্বাগত জানান।সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি অভিযোগ করেন, ‘সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো অন্য নাম ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি করার সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে এবং এসব ষড়যন্ত্র রুখতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে।’স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং দেশের মানুষকে আর যেন ফ্যাসিবাদী শক্তির যন্ত্রণার মধ্যে পড়তে না হয়।’ তবে তিনি কেবল সংসদীয় আলোচনায় সীমাবদ্ধ না থেকে জাতীয় ঐক্যকে বাস্তবে রূপ দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। পরবর্তীতে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক ও মতপার্থক্য থাকা স্বাভাবিক, যা সংসদীয় রীতি মেনেই পরিচালিত হবে। দুই নেতার এই বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় রাখার অভিন্ন প্রত্যয় উঠে আসে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল